সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুরুলিয়া ডাঙ্গা এলাকায় প্রচারে নেমেছিলেন পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় তাঁর নির্বাচনী প্রচার। তবে সেই প্রচারের মাঝেই দেখা যায় ভিন্ন চিত্র। প্রার্থীকে দেখামাত্রই কিছু মানুষের মুখে শোনা যায় ‘জয় বাংলা’ স্লোগান, যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই অভিযোগ করেন, তৃণমূলের তরফ থেকে পরিকল্পিতভাবে টাকা দিয়ে এই স্লোগান দেওয়ানো হয়েছে, যাতে তাঁদের প্রচারে বিঘ্ন ঘটানো যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে। নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় রাজনৈতিক পারদ যে ক্রমশ চড়ছে তা বলাইবাহুল্য
